১৮ আগস্ট ২০২৬, ০৩:৩০ পি.এম

নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদন ছাড়াই দই উৎপাদন, জরিমানা

নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদন ছাড়াই দই উৎপাদন, জরিমানা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে চাকলমা এলাকায় ‘ভাই ভাই দধি ভান্ডার’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই প্রস্তুত ও বাজারজাত করছিল।

এ ছাড়া উৎপাদিত দইয়ের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি)সহ প্রয়োজনীয় বাধ্যতামূলক তথ্য উল্লেখ ছিল না।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক চাকলমা গ্রামের ছমেজ উদ্দিনের ছেলে হোসেন আলী (৫৬)-কে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মো. জামিল উদ্দিন। নন্দীগ্রাম থানা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং আইন অনুযায়ী পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।