২০ আগস্ট ২০২৬, ০৬:৫২ পি.এম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর খ (৬) ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরপরই বিএনপির মহাসচিব পদে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করার ঘোষণা আসে।

রুহুল কবীর রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমেও আলোচনায় ছিল। 

বিএনপির পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্বের মেয়াদ বা পরবর্তী জাতীয় কাউন্সিল পর্যন্ত দায়িত্ব পালনের বিষয়ে আলাদা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।