গাজীপুরে গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার কালিয়াকৈর, শ্রীপুর ও গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ট্রেনে কাটা পড়ে এক যুবক, সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক মোটরসাইকেল আরোহী এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল (৩১) নামে এক যুবক নিহত হন। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, শ্রীপুরের বরামা গ্রামের সত্তরোর্ধ্ব তারা বানু ওষুধ কেনার জন্য অটোরিকশায় করে বাজারে যাচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে তারা বানু নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) ও নুরুল ইসলাম (৩২) রয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তারা বানু শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুরের কাহারুল খান্ডা গ্রামের সূর্য কান্তের ছেলে। স্থানীয় রবিউল ইসলামের বাড়িতে বসবাস করে দিনমজুরের কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সারাদিন কাজ শেষে রাতে বাসায় ফিরে গোসল করেন পলাশ। পরে ভেজা কাপড় উঠানের তারে মেলে দিতে গেলে কোনো এক সময় বিদ্যুতায়িত ওই তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর (বিমান বাহিনী) ঘাঁটি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল ইসলাম জানান, দুপুরে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটি অজ্ঞাত গাড়ির চাপায় দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেল আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।