নেত্রকোণার আটপাড়ায় বজ্রপাতে নাঈম মিয়া (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম মিয়া ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে বাড়ির সামনের বিল থেকে নৌকায় করে গরুর জন্য কচুরিপানা আনতে যান নাঈম। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় নাঈমের বাবা তাকে খুঁজতে বের হন। পরে বিলের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।
নাঈমের প্রতিবেশী কোরায়শী তালুকদার জানান, সকালে নৌকা নিয়ে বাড়ির সামনের বিলে কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে নাঈমের মৃত্যু হয়েছে।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।