খুলনার পাইকগাছায় শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৪৭ নম্বর হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত আফিয়া ইভনাত আলভী প্রতাপকাটি গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে। সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয় ও তার পরিবারের সূত্রে জানা যায়, রোববার সকালে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় শ্রেণিকক্ষের ফ্যানটি চালু ছিল। হঠাৎ ফ্যানটির নাট খুলে সেটি নিচে পড়ে যায়। প্রথমে ফ্যানটি একটি টেবিলের ওপর পড়ে। পরে সেখান থেকে ছিটকে ফ্যানের হাতল আফিয়ার নাক ও মুখে আঘাত করে।
এতে তার নাক ও মুখ কেটে গিয়ে রক্তপাত শুরু হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা তাকে দ্রুত কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা ও সেলাই দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু জানান, নতুন ভবনের শ্রেণিকক্ষে ফ্যানটি লাগানো হয়েছিল। ফ্যানের নাট খুলে যাওয়ার কারণে সেটি প্রথমে টেবিলের ওপর পড়ে এবং পরে সেখান থেকে ছিটকে ফ্যানের হাতল ওই ছাত্রীর নাকে লাগে। এতে সে আহত হয়।
প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে আহত ছাত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।