বগুড়ার চেলোপাড়ায় ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’য় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।
অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিভিন্ন অনিয়ম দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মেঝেতে পা দিয়ে ময়দার ডো প্রস্তুত করে চানাচুর তৈরি এবং অপরিচ্ছন্ন মেঝেতে চানাচুরে মসলা মেশানোর বিষয়টি উঠে আসে।
এ ছাড়া উৎপাদিত খাদ্যপণ্য ময়লা মেঝেতে সংরক্ষণ, দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার এবং চানাচুর তৈরিতে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। কারখানার খাদ্যকর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টরা দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।