ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরে নির্মিত ‘জুলাই শহীদ নারী মঞ্চ’-এর মাঝের স্তম্ভে থাকা নারী ভাস্কর্যগুলো কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কে বা কারা এবং কী কারণে ভাস্কর্যগুলো এভাবে ঢেকে রেখেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন দিয়াবাড়ি গোলচত্বরে নির্মিত স্মৃতিমঞ্চটির তিনটি স্তম্ভ রয়েছে। এক পাশে আন্দোলনের প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাতের প্রতীক এবং অন্য পাশে জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে পরিচিত বিভিন্ন প্রতিবাদী স্লোগান রয়েছে। তবে মাঝের স্তম্ভটি ওপর থেকে নিচ পর্যন্ত কালো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ছবিতে ওই স্তম্ভে প্রায় ১০ জন নারীর আবক্ষ ভাস্কর্য দেখা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই ভাস্কর্যগুলো কালো কাপড়ে ঢাকা রয়েছে। গোলচত্বরসংলগ্ন এক চায়ের দোকানি শহীদুল ইসলাম জানান, শুরু থেকেই তিনি ভাস্কর্যগুলো ঢাকা অবস্থায় দেখছেন। সময়ের সঙ্গে কাপড় নষ্ট বা ছিঁড়ে গেলে পরে আবার নতুন করে কেউ এসে কালো কাপড় বেঁধে দিয়ে যায়।
এদিকে স্থানীয় একটি খাবার হোটেলের কর্মী মোহাম্মদ রাকিব দাবি করেন, গত শনিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে তিনি তিন থেকে চারজন ব্যক্তিকে ওই ভাস্কর্যে নতুন করে কালো কাপড় বাঁধতে দেখেছেন। তবে তিনি তাঁদের কাউকে শনাক্ত করতে পারেননি।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও অংশগ্রহণকারী নারীদের আত্মত্যাগ, সাহস ও অবদান স্মরণে উত্তরার দিয়াবাড়ি গোলচত্বরে ‘জুলাই শহীদ নারী মঞ্চ’ নির্মাণ করা হয়েছিল। ভাস্কর্যগুলো ঢেকে রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে এ ঘটনার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।