২১ জুলাই ২০২৬, ১২:০৩ এ.এম

নেচার ইনডেক্সে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনার স্বীকৃত সূচক নেচার ইনডেক্স–এর সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণায় শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। একই সঙ্গে বৈশ্বিক দেশভিত্তিক তালিকায় বাংলাদেশের অবস্থানও আগের বছরের তুলনায় সাত ধাপ উন্নীত হয়ে ৫৪তম হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের ১৭৮টি শীর্ষ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়েছে। এতে ১৯৪টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান আগেরবারের মতোই ১৩তম রয়েছে।

নেচার ইনডেক্সের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকদের মোট ১৪৩টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। দেশের গবেষণায় অবদানের হার ছিল ৩৫ দশমিক ৭৪ শতাংশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ২১টি গবেষণা নিবন্ধ প্রকাশ করে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, নেচার ইনডেক্সে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চায় বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং গবেষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে গবেষণাই উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, প্রযুক্তিগত রূপান্তর এবং টেকসই উন্নয়নসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার গুরুত্ব অপরিসীম। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকর অবদান রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।