২০ জুলাই ২০২৬, ০৪:৩৫ পি.এম

আইপি৬৮ ও আইপি৬৯ সুরক্ষাসহ টেকনোর স্পার্ক ৫০ প্রো বাজারে

আইপি৬৮ ও আইপি৬৯ সুরক্ষাসহ টেকনোর স্পার্ক ৫০ প্রো বাজারে

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো বাংলাদেশ তাদের নতুন টেকনো স্পার্ক ৫০ প্রো স্মার্টফোনে টেকসই নির্মাণ, পানি ও ধুলাবালি প্রতিরোধী প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করার তথ্য জানিয়েছে। সোমবার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এসব তথ্য প্রকাশ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ জানায়, স্মার্টফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ফোনটি সর্বোচ্চ ছয় মিটার গভীর পানিতে ডুবে গেলেও সচল থাকতে সক্ষম। এছাড়া এতে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স ও ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন প্রযুক্তি থাকায় দৈনন্দিন ব্যবহারে পড়ে যাওয়ার ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়।

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার এবং নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি। এতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬০ ওয়াট সুপার চার্জিং সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকনোর তথ্যমতে, মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরচালিত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে। এতে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই রাইটিং, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট, এআই স্মার্ট শিডিউলিংসহ একাধিক এআই সুবিধা রয়েছে। এছাড়া ‘ফ্রিলিঙ্ক ২.০’ ও টাচ ট্রান্সফার সুবিধার মাধ্যমে নেটওয়ার্ক দুর্বল অবস্থায় সংযোগ বজায় রাখা এবং অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে সহজে ফাইল আদান-প্রদান করা সম্ভব বলে দাবি করা হয়েছে।

ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ প্রধান ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে। র‍্যামের ক্ষেত্রে ৬ জিবি ও ৮ জিবি এবং স্টোরেজে ১২৮ জিবি সংস্করণ পাওয়া যাবে। টেকনো বাংলাদেশের তথ্য অনুযায়ী, সংস্করণভেদে ফোনটির মূল্য ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ৩০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া) নির্ধারণ করা হয়েছে।