২৪ জুলাই ২০২৬, ০৫:৪২ পি.এম

রোববার পরিবারসহ বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রোববার পরিবারসহ বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার (২৬ জুলাই) পরিবারসহ বঙ্গভবন ছাড়বেন। তাঁর পরিবারের একজন সদস্য শুক্রবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের ওই সদস্য জানান, বঙ্গভবন ত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, মো. সাহাবুদ্দিন পরিবারসহ রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে বসবাস শুরু করবেন।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তাঁর কাছে জমা দেওয়া হয় এবং তিনি তা গ্রহণ করেন।

স্পিকার বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আরও জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তাঁর শারীরিক অসুস্থতার পাশাপাশি দায়িত্ব পালনের সীমাবদ্ধতার কথাও লিখিতভাবে উল্লেখ করেছেন বলে স্পিকার জানান।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়। তবে বর্তমান পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করেছেন।