৩১ জুলাই ২০২৬, ০২:৩৭ পি.এম

বগুড়ায় বিএসটিআই অনুমোদনহীন পণ্য উৎপাদন, কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই অনুমোদনহীন পণ্য উৎপাদন, কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া: বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকায় পরিচালিত যৌথ মোবাইল কোর্টে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া, জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, বগুড়ার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বন্ধন এস এ এস এগ্রো ফুডস কারখানায় অভিযান চালানো হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, কারখানাটির প্রস্তুতকৃত পণ্যের বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় কারখানার মালিক শ্রী শ্যামল বর্মন (৪০)-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মদ। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর, বগুড়ার প্রতিনিধি মো. রাসেল মিয়াও উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জনস্বার্থে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।