১৪ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পি.এম

সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড়ের ঘটনায় ত্রিশালের ইউএনও বদলি

সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড়ের ঘটনায় ত্রিশালের ইউএনও বদলি

ময়মনসিংহের ত্রিশালে বালুরঘাটের ইজারাদার ও ছাত্রদলের সাবেক নেতা সারোয়ার জাহান ওরফে বাচ্চুকে থাপ্পড় ও লাঠি দিয়ে আঘাতের ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানানো হয়।

এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির একটি পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রকাশিত ভিডিওর বর্ণনা অনুযায়ী, ইউএনও আরাফাত সিদ্দিকী আনসার ও র‌্যাব সদস্যদের সঙ্গে ওই বালু বিক্রির পয়েন্টে যান। সেখানে ইজারার কাগজপত্র দেখতে চাইলে ঠিকাদারের ব্যবস্থাপক সারোয়ার জাহান অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। এ সময় কথাবার্তার একপর্যায়ে ইউএনও তাকে পরপর দুটি থাপ্পড় দেন বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, র‌্যাবের এক সদস্য সারোয়ার জাহানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও তার কাছ থেকে একটি লাঠি নিয়ে সারোয়ারকে কয়েকবার আঘাত করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন।

মারধরের শিকার সারোয়ার জাহান বাচ্চু ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল পৌর শহরের টিএমসি হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান লিটনের উপস্থিতিতে বিষয়টি নিয়ে সমঝোতা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেখানে ইউএনও আরাফাত সিদ্দিকী নিজের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেন বলে জানান ময়মনসিংহ সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওই ঘাটের পরিচালক শাহরিয়ার আহমেদ সেলিম।

সন্ধ্যায় ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, কাজে গিয়ে যা ঘটেছে তার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। ভবিষ্যতে এ নিয়ে যেন কোনো ঘটনার সৃষ্টি না হয়, সে জন্য সংসদ সদস্যের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে বলেও জানান তিনি।

বদলির বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে—এমন একটি আদেশ তিনি পেয়েছেন।