২৬ জুন ২০২৬, ০১:১১ পি.এম

একই সময়ে দুই স্টেডিয়ামে ইনফান্তিনো! বিশ্বকাপে ভাইরাল রহস্যময় ছবি

একই সময়ে দুই স্টেডিয়ামে ইনফান্তিনো! বিশ্বকাপে ভাইরাল রহস্যময় ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে একটি ঘটনা। একই সময়ে অনুষ্ঠিত হওয়া দুটি ভিন্ন ম্যাচের সম্প্রচারে তাকে স্টেডিয়ামে উপস্থিত দেখা যাওয়ার দাবি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

গ্রুপ পর্বের শেষ দিনে ইকুয়েডর–জার্মানি এবং কুরাসাও–আইভরি কোস্ট ম্যাচ একসঙ্গে অনুষ্ঠিত হয়। ম্যাচ চলাকালে দুটি ভিন্ন স্টেডিয়ামের বড় পর্দায় ইনফান্তিনোকে একই ধরনের আসনে বসে থাকতে দেখা যায়। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা।

অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। কেউ প্রশ্ন তোলেন, একই সময়ে দুই স্টেডিয়ামে তার উপস্থিতি কীভাবে সম্ভব। আবার কেউ মজার ছলে মন্তব্য করেন, হয়তো ইনফান্তিনোর কোনো ‘যমজ ভাই’ আছেন।

তবে বাস্তবে একই সময়ে দুটি স্টেডিয়ামে তার উপস্থিতি সম্ভব নয় বলেই মনে করছেন অনেকেই। এর আগে ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপ চলাকালে একদিনে একাধিক ম্যাচ সরাসরি দেখার পরিকল্পনা রয়েছে তার। এজন্য তিনি আয়োজকদের দেওয়া বিশেষ ব্যবস্থায় দ্রুত এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করছেন।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে অনুষ্ঠিত হচ্ছে। একাধিক ভেন্যু ও ভিন্ন সময়সূচির কারণে টুর্নামেন্টজুড়েই কর্মকর্তাদের যাতায়াতে বিশেষ পরিবহন ব্যবস্থা রাখা হয়েছে।