দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ সময়ে ৭০ শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৭২৮ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০ জন।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী। তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।