১৬ আগস্ট ২০২৬, ১০:৩৯ এ.এম

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট)।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মনোনয়নপত্র পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ইসি সচিবের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।