আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ সময় ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ইসি সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টা থেকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হওয়ার কথা রয়েছে।
যাচাই-বাছাইয়ের পুরো প্রক্রিয়া শেষে বৈধ প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং জামায়াত সমর্থিত ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।