২৬ জুন ২০২৬, ০৬:২১ পি.এম

বগুড়ায় সায়েম ট্রাভেলস’র হাজী সম্মেলন: ২৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের হজ্জ নিবন্ধন

বগুড়ায় সায়েম ট্রাভেলস’র হাজী সম্মেলন: ২৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে ২০২৭ সালের হজ্জ নিবন্ধন

আসন্ন ২০২৭ সালের পবিত্র হজ্জ উপলক্ষে হজ্জযাত্রীদের প্রস্তুতি, নিবন্ধন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরতে বগুড়ার শেরপুরে হাজী সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেছে সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনাল।

শুক্রবার সকালে শেরপুর উপজেলার শহীদ গাজীউর রহমান কমিউনিটি সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত অর্ধদিবসব্যাপী এই সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক হজ্জ গমনেচ্ছু ব্যক্তি অংশগ্রহণ করেন।

মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েম ট্রাভেলসের স্বত্বাধিকারী ও মক্কাপ্রবাসী মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, ২০২৭ সালের হজ্জে অংশ নিতে ইচ্ছুকদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। পরবর্তীতে নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তাই নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

আব্দুল মান্নান আরও বলেন, প্রতি বছর আকর্ষণীয় কমমূল্যের প্যাকেজের বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে অনেক হজ্জযাত্রী প্রতারণার শিকার হন। এছাড়া সৌদি আরবে কুরবানী, মানি এক্সচেঞ্জ কিংবা উন্নতমানের খাবারের নামে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনাও ঘটে। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে এবং নিরাপদ হজ্জ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মতবিনিময় সভার আয়োজন করছে সায়েম ট্রাভেলস।

তিনি জানান, সরকার নির্ধারিত নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরাঞ্চলের হজ্জযাত্রীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সেবা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. দবিবুর রহমান, বগুড়া জেলা হাজী সমিতির সাংগঠনিক সম্পাদক নওয়াব আলীসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

এছাড়া বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার শিক্ষক, ইসলামিক চিন্তাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানে সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক আব্দুর রব রায়হান ও রেদওয়ান রাকিবের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের বাংলাদেশ ও সৌদি আরবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্মেলনে অংশ নেওয়া হজ্জ গমনেচ্ছু ব্যক্তিরা জানান, হজ্জ নিবন্ধন ও প্রস্তুতি বিষয়ে এমন তথ্যভিত্তিক আয়োজন তাদের জন্য অত্যন্ত উপকারী এবং সময়োপযোগী।