বগুড়া সদর উপজেলার এরুলিয়া হাটখোলা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ১৩৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি আভিযানিক দল বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া হাটখোলা বাজার এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে।
আটক ব্যক্তি হলেন ছানাউল একরাম শাওন (৩০)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক তথ্যে জানা যায়, রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে অবৈধ মাদক বহন করে বগুড়ার দিকে আসছিলেন তিনি। অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৩৬ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি Apache RTR 150 মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-১২ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।