১৭ আগস্ট ২০২৬, ০২:৩৩ পি.এম

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে ই-রিকশার নিবন্ধন-নবায়ন বন্ধ

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে ই-রিকশার নিবন্ধন-নবায়ন বন্ধ

ব্যাটারিচালিত ই-রিকশা ও অটোরিকশা সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার শর্তে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে এসব যানবাহন চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। একই সঙ্গে এমন যানবাহনের নিবন্ধন দেওয়া ও পরবর্তী সময়ে নবায়ন না করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের মধ্যে আনা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে শর্ত থাকবে, এসব যানবাহন সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে।

সৌরবিদ্যুতের বাইরে অন্য উৎস থেকে চার্জ দিলে নিবন্ধন দেওয়া বা নবায়ন করা হবে না জানিয়ে তিনি বলেন, এ ধরনের যানবাহন অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ করলে জরিমানার বিধানও আইনে রাখা হবে।

এদিকে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম। তার ভাষ্য অনুযায়ী, এক জোনের ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।

পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

এ সময় চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে ভোটের সময় নির্ধারণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে এবং এই অর্থ চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রয়েছে।