১৭ আগস্ট ২০২৬, ০৭:৫২ পি.এম

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার

মৌসুমি নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সাগরের হাইরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রথমে সাত জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আরও তিনজন। পরে তাদেরও জীবিত উদ্ধার করা হয়।

ট্রলারটির মালিক চালিতাবুনিয়া ইউনিয়নের সোহেল মীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তিন দিন আগে রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকা থেকে ১০ জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। সোমবার আবহাওয়া খারাপ হওয়ায় ঘাটের দিকে ফেরার পথে হাইরের মাঝামাঝি এলাকায় ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

এ সময় কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করেন। পরে নিখোঁজ তিন জেলের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা তাদেরও জীবিত উদ্ধার করেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—মেহদি (২২), রিয়ান (২০), মাসুম মীর (২৫), ফরিদ (২৫), মো. মোস্তফা (৪৫), মো. মজনু (৩৮), মো. সাকিল (৩৫), আব্দুর খাঁ (৪৫), মো. সোহেল (৩৫) ও মো. মনির (৩৬)।

দুর্ঘটনার শিকার ট্রলারটি অন্য একটি ট্রলারের সহায়তায় ঘাটে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।