মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহে অপরিশোধিত তেলের দাম চড়া পর্যায়ে রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববাজার বিশ্লেষণে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৭৮ ডলারে নেমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ কার্যদিবসে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশেরও বেশি বেড়েছে। উভয় ধরনের অপরিশোধিত তেলের বাজারমূল্যই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক অনিশ্চয়তা দ্রুত নিরসন না হলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম আরও কিছুদিন চড়া থাকতে পারে। এর প্রভাব বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর পড়তে পারে বলেও তারা মনে করছেন।



