চলতি বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩০ আগস্ট একদিনে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় এক হাজার ৯৮০ কোটি ৩০ লাখ টাকা। আগস্টের প্রথম ৩০ দিনে আসা ২৮৩ কোটি ডলারের রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৯০ শতাংশ বেশি।
গত বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৬৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪৭০ কোটি ৭০ লাখ ডলার।
এদিকে আগস্টের প্রথম ২৯ দিনে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স দেশে আসেনি বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলো হলো—রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।



