রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে রিধিকার মরদেহ পায়। বর্তমানে তার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে রিধিকার সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ।
পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।



