দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট (আইজিপি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে দেশটির রাজধানী লিমাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আইজিপির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (সেনসিস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল গভীরে হওয়ায় কম্পনশক্তির একটি বড় অংশ ওপরের স্তরে পৌঁছানোর আগেই শোষিত হয় বলে জানিয়েছেন ভূকম্পবিদরা। ফলে উপকেন্দ্রের আশপাশে কম্পনের তীব্রতা মার্কেলি স্কেলে ৩ থেকে ৪ মাত্রার মধ্যে সীমাবদ্ধ ছিল।
পেরু প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইজিপি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা এবং প্রয়োজনীয় জরুরি সামগ্রীর ব্যাগ প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালের মে মাসে পেরুর আজাঙ্গারো শহরে ৭ দশমিক ২ মাত্রার এবং ২০২১ সালের নভেম্বরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এসব ভূমিকম্পে ঘরবাড়ি ও ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ২০০৭ সালে ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হন।



