বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে কয়েকজন সহযোগীসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহারের তথ্য অনুযায়ী, সাজেদুর রহমান শাহিন চকরিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আটকের পর তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। আদালতে উপস্থাপনের আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।



