আর্কাইভ
logo
ads

জুলাই হত্যা মামলা

জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন তিন সাংবাদিক

শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজিরের নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ আগস্ট ২০২৬, ০১:৪৭ পি.এম
জুলাই হত্যা মামলায় আসামি হচ্ছেন তিন সাংবাদিক

জুলাই হত্যা মামলায় আসামি করার প্রক্রিয়ায় থাকা তিন সাংবাদিক—শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনবিরোধী বক্তব্য ও প্রচারণার মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে তিন সাংবাদিক—শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপাকে জুলাই হত্যা মামলায় আসামি করা হচ্ছে। আগামী ২৪ আগস্ট তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তাদের আদালতে হাজির করা হলে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। ওই সংবাদ সম্মেলনটি শেখ হাসিনার চীন সফর নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। সংবাদ সম্মেলনে কোটা ইস্যুতে শেখ হাসিনার বক্তব্য এবং ‘রাজাকার’ শব্দ ব্যবহারের পর শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় এবং ওই রাতেই বিক্ষোভ শুরু হয় বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে।

প্রসিকিউশনের আরও অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি করেছিলেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

তৎকালীন সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্যামল দত্ত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

জুলাই গণ-অভ্যুত্থানে সাংবাদিক, লেখকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি পৃথকভাবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ