আর্কাইভ
logo
ads

হেনলি পাসপোর্ট সূচক ২০২৬

সিঙ্গাপুরের পাসপোর্ট আবারও শীর্ষে, বাংলাদেশ ৯৭তম; উত্তর কোরিয়ার সঙ্গে একই অবস্থান

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠেছে; ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে ৩৫টি দেশে।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ জুলাই ২০২৬, ১২:২৬ এ.এম
সিঙ্গাপুরের পাসপোর্ট আবারও শীর্ষে, বাংলাদেশ ৯৭তম; উত্তর কোরিয়ার সঙ্গে একই অবস্থান

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এ বাংলাদেশ ৯৭তম, শীর্ষে সিঙ্গাপুর।

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এ সূচকে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। এই সংখ্যার ভিত্তিতেই দেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। সূচকটি তৈরির ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। তবে সে সময় বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পেতেন। অন্যদিকে ২০২৬ সালের সূচকে অবস্থান উন্নত হলেও ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়া ভ্রমণযোগ্য দেশের সংখ্যা কমে ৩৫-এ নেমে এসেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অবস্থানে ওঠানামা দেখা গেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ৯৮তম অবস্থানে। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম; ২০২৬ সালে দেশটি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে উঠে এসেছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণ সুবিধার ভিত্তিতে প্রতি বছর প্রকাশিত একটি বহুল আলোচিত সূচক। এতে কোনো দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন, সেটিই প্রধান মূল্যায়নের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ