বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তিমত্তা মূল্যায়নকারী হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে দেখা গেছে, উগান্ডার নাগরিকেরা বিশ্বের ৬৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। অন্যদিকে বাংলাদেশের নাগরিকদের জন্য এ সুবিধা রয়েছে মাত্র ৩৫টি দেশে।
লন্ডনভিত্তিক নাগরিকত্ব-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানটির প্রকাশিত সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকেরা ২২টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।
হেনলি পাসপোর্ট ইনডেক্সে কোনো দেশের পাসপোর্টধারীরা কতটি দেশে আগাম ভিসা ছাড়া, ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতে র্যাংকিং নির্ধারণ করা হয়। এ সূচক তৈরিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।
সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়ে ৯৭তম হলেও ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধাপ্রাপ্ত দেশের সংখ্যা কমেছে। ২০২৬ সালের শুরুতে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৩৭টি দেশে এ সুবিধা পেতেন। সর্বশেষ হালনাগাদে দুটি দেশ সেই সুবিধা প্রত্যাহার করায় সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫-এ।
এ ধারা নতুন নয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে বাংলাদেশের নাগরিকেরা ৩৯টি এবং ২০২৪ সালের শুরুতে ৪২টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পেতেন। অর্থাৎ প্রায় আড়াই বছরে এই সুবিধাপ্রাপ্ত দেশের সংখ্যা ৪২ থেকে কমে ৩৫-এ নেমে এসেছে।
প্রকাশিত সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টের অবস্থানে কিছুটা উন্নতি হলেও আন্তর্জাতিক ভ্রমণে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধার পরিসর সংকুচিত হয়েছে।



