চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
এ সময় লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং সামরিক অভিবাদনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং তাকে স্বাগত জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতাসহ একাধিক খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এসব চুক্তি ও সমঝোতা সম্পাদিত হয়েছে।
বেইজিং সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামেও অংশ নেন তিনি।
বিশ্লেষকদের মতে, এ সফর বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



