আর্কাইভ
logo
ads

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সৌজন্য সাক্ষাৎ

দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১ আগস্ট ২০২৬, ০১:১৮ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শনিবার (১ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরদিন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের কর্মসূচিও ছিল তাঁর।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ সফরের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার সম্পর্কে মার্কিন প্রশাসনের কাছে একটি পরিষ্কার ধারণা তুলে ধরা। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল এবং বর্তমান সরকারের অধীনে সেই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলোর প্রত্যাশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সার্জিও গোর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি বাংলাদেশ, ভারত, নেপালসহ এ অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রমে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সফরের আগে তিনি নেপাল ও শ্রীলঙ্কা সফর করেন।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ