দেশের বিভিন্ন অঞ্চলে ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশজুড়ে একটি আংশিক বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে, যার প্রভাবে দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ এলাকায় কমবেশি উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে।
বিডব্লিউওটি জানিয়েছে, বৃষ্টিবলয়টি শুরুতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে ৪ আগস্ট রাজশাহী বিভাগে এবং ৫ ও ৬ আগস্ট দেশের অধিকাংশ এলাকায় এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, ৫ ও ৬ আগস্ট সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিবলয়ের সক্রিয়তা তুলনামূলক বেশি থাকতে পারে। অন্যদিকে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এটি একটি আংশিক বৃষ্টিবলয় হওয়ায় দেশের সব এলাকায় সমানভাবে বৃষ্টি নাও হতে পারে; বরং নির্দিষ্ট কিছু এলাকায় অতিভারি বর্ষণ হতে পারে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, ভারি বর্ষণের কারণে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু ও অতিবন্যাপ্রবণ এলাকায় সাময়িক বন্যার ঝুঁকি সৃষ্টি হতে পারে। একই সময়ে এসব অঞ্চলে রোদের উপস্থিতি কম থাকবে এবং ৫ ও ৬ আগস্ট দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে।
বিভাগভিত্তিক সম্ভাব্য গড় বৃষ্টিপাতের হিসাবে রংপুর বিভাগে ২২০–২৫০ মিলিমিটার, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ২০০–২৫০ মিলিমিটার এবং রাজশাহী বিভাগে ১৭০–২২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে উল্লেখ করেছে সংস্থাটি। এছাড়া খুলনা বিভাগে ১৪০–১৫০ মিলিমিটার, ঢাকা বিভাগে ১০০–১২০ মিলিমিটার এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ৮০–১২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ পরিসংখ্যান বিভাগীয় গড় হিসেবে দেওয়া হয়েছে; জেলা পর্যায়ে এর তারতম্য হতে পারে।
সমুদ্র পরিস্থিতি সম্পর্কে বিডব্লিউওটি জানিয়েছে, এ সময়ে সাগরে বড় ধরনের কোনো আবহাওয়া ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা কম। তবে গভীর মেঘমালার কারণে হঠাৎ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সাগর ও উপকূলীয় এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, এই পূর্বাভাসটি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত। প্রাকৃতিক কারণে আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাসের সময়সূচি পরিবর্তিত হতে পারে।



