বর্তমান সময়ে তৈরি হওয়া বিভিন্ন সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, সরকার সঠিকভাবেই পরিচালিত হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, সংকট সমাধানে সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে।
পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে এ বি এম আব্দুস সাত্তার বলেন, যেকোনো সময় পে-স্কেল বাস্তবায়ন হতে পারে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। বিশেষ করে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।
এদিকে, ১৮০ দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদল হতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।



